গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, ১০ হাজার টাকা অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১০টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানে করে নিয়ে যাওয়ায় সময় সারের বস্তাগুলো আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে এনামুল হক নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও জব্দকৃত সার স্থানীয় এক সার ডিলার মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ করা হয়।
উপজেলা কৃষি বিভাগ জানায়, নওগাঁর সাপাহার উপজেলা থেকে অটোভ্যানে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অবৈধভাবে ৩৪ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোভ্যান দুটির গতিবিধি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হয়। পরে তারা ভ্যানে থাকা বস্তাগুলো তল্লাশি করে সার পাচারের বিষয়টি নিশ্চিত করেন এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। পরে জড়িত থাকার অপরাধে শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের রইস উদ্দিনের ছেলে এনামুল হককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দকৃত সারগুলো স্থানীয় সার ডিলার (মজিবুর) কৃষকের কাছে বিক্রি করে সরকারী কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।