নগরীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চিত্র দৃশ্যমান নয়
নগরীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় জরিপ পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস)। জরিপে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রির প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধের সাইনেজের উপস্থিতি যাচাই করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লফসের উদ্যোগে বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় এ জরিপ পরিচালিত হয়। নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, বাটার মোড়, কুমারপাড়া ও গণকপাড়া মোড়সহ আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
জরিপের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রির প্রতিষ্ঠান রয়েছে কি না এবং জনসমাগমস্থলে ‘নো স্মোকিং’ সাইনেজ দৃশ্যমান কি না, তা পর্যবেক্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লফসের প্রকল্প কর্মকর্তা মুক্তা সরকার ও ফাহমিদা আক্তার স্মৃতি। জরিপের পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনের কাছে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক জেলা রিপোর্ট কার্ড-২০২৬-এর তথ্যফরম পূরণ করা হয়।
রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ আইন কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তা মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।