সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯
সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-১২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর মৃত্যু হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মঙ্গলবার এ খবর জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া।
মন্ত্রণালয়টি এক বিবৃতিতে বলেছে, “দুর্যোগটির প্রাথমিক কারণ একটি কারিগরি ত্রুটি। বিমানটি একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে।”
কেমেরোভে অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেডিউক জানিয়েছেন, ইয়াগুনোভা গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বিমান বিধ্বস্তের পর আগুন ধরে গিয়েছিল। জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন।
কার্যক্রম পরিচালনার জন্য জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়, ন্যাশনাল গার্ড ও দুর্যোগ চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অপারেশনাল সদর দপ্তরের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
গভর্নর বলেছেন, ঘটনাস্থলে থাকা কর্মীদের প্রধান কাজ হলো এই দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।
পোস্টে দেওয়া এক ভিডিওতে সেরেডিউক ইয়াগুনোভা গ্রামের নিকটবর্তী ওই দুর্ঘটনাস্থলের পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটার সময় বিমানটি ওই এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল।
তথ্যসূত্র: বিডিনিউজ