শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিজয় দিবসে দেশে ফেরার বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাকে ‘দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে। প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া তাকে ফেরানোর সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিছানায় ঘুমিয়ে নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখতে পারেন, বাংলাদেশে হেঁটে বা প্লেনে চলে যাচ্ছেন। কিন্তু তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।
তিনি আরও বলেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের মধ্য দিয়ে। বাস্তবতা আর আকাঙ্ক্ষা দুই জিনিস। কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে হুমায়ুন কবির বলেন, এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে ‘আওয়ামী টেররিজম’, যার পৃষ্ঠপোষক শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। তার দাবি, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করে সরকার। এতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।
এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা। তাকে দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।