মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গেই আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে কীভাবে হস্তান্তর করা হবে, তা ভারত ও বাংলাদেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, এ আলোচনা হাসিনার সঙ্গে আমাদের নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক অপরাধী সেখানে আছেন, যিনি শুধু অভিযুক্ত নন, দোষী সাব্যস্ত হয়েছেন। আমরা তাঁকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছি।


শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তথ্য উপদেষ্টা। তাঁর ভাষায়, তিনি দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তাঁর সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। এটা তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া একধরনের রাজনৈতিক বার্তা।


বাংলাদেশ বিমানে করে দেশে ফেরার ইচ্ছার বিষয়ে রসিকতা করে জাহেদ বলেন, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে, কিংবা হেঁটে আসবেন—সেটি ভারতের সঙ্গে আলোচনায় নির্ধারিত হবে। আমরা তাঁকে চাই এবং তাঁকে আমাদের কাছে প্রত্যর্পণ করা হোক।


প্রত্যর্পণের ক্ষেত্রে এখন আর আইনি জটিলতা দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণ করাই যথেষ্ট বলে মনে করেন তথ্য উপদেষ্টা।


এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা।


২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সম্প্রতি বলেছেন, তাঁকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে।