সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে এনসিপির পর কোন দল বা জোটের সঙ্গে মতবিনিময় হবে, এই আলোচনার মধ্যে জামায়াতের ইসলামীর নেতৃত্বাধীন জোট বলেছে, সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’।
শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জোটের এ অবস্থান তুলে ধরেন ১১ দলীয় ঐক্য এর সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এর আগে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি।
সম্প্রতি সহিংসতার মধ্যে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরের ও বাইরের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে সরকারের তরফে।
পুলিশের তরফে বলা হয়েছে, দলটির কর্মসূচি ঘিরে বোমাবাজি, অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটছে।
এ অবস্থায় ঐক্যের আহ্বানের ধারাবাহিকতায় বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী।
জামায়াতে ইসলামীসহ অন্য আরও দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।
তবে জামায়াতে ইসলামীর নেতা আযাদ বলেছেন, জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশগ্রহণ করবে, এটা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় সংলাপ বিষয়ে তিনি বলেন, “সংকট নিরসনের জায়গাটা, আমাদের সবার কো-অপারেশন লাগবে এটা যেমন ঠিক, মূল দায়িত্বটা কিন্তু সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায়—এখানে নতুন আলোচনার কোনো অবকাশ নেই।
“আলোচনার অবকাশ এই জন্যই নেই, সংস্কার কীভাবে হবে এটা জনগণ ঠিক করে দিয়েছে। জনগণ প্রক্রিয়াও ঠিক করে দিয়েছে।”
অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দলেগুলোর ঐকমত্যে গৃহীত জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ দেওয়া হয়, সেখানে সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার বাধ্যবাধকতা ছিল।
নির্বাচনের ফল ঘোষণার পর জামায়াতে ইসলামীসহ বিরোধী জোটের বিজয়ী প্রার্থী সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির বিজয়ীরা শুধু সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সংস্কার পরিষদে গঠনে ১৮০ দিনের সময়সীমা ছিল।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।
সেই ফল তুলে ধরে জামায়াত জোটের সম্বয়ক আযাদ বলেন, সংস্কার হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে।
“কারা করবে? এই সংসদ সদস্যরাই সংস্কার পরিষদের সদস্যের শপথ গ্রহণ করেই সেই সংস্কার পরিষদের অধিবেশনেই করবে। এই সবকিছু স্পেসিফিক করে জনগণ অনুমোদন করে দিয়েছে।”
সংলাপের বিষয় কী হবে? জানতে চাইলে তিনি বলেন, “এই জুলাই সনদ বাস্তবায়নটা হলো মূল ইস্যু। আর সেখানে আরও কোনো দাবি আসবে কি না, আরও কোনো বিষয় আসবে কি না, প্রক্রিয়া তো যেগুলো মানুষ, জনগণ ঠিক করে দিয়েছে। সেটা সাকসেসফুলি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
আলোচনার জন্য সরকার ডাকলে এবং দিন তারিখ ঠিক হলে ১১ দলের শীর্ষ নেতারা বসে এজেন্ডাগুলো ঠিক করে তারপর সংলাপে যাব।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, “আলোচনার ভিত্তিটা জুলাই সনদ, গণভোট—এটাই আমরা বলেছি। তো আলোচনা বাস্তবায়ন হয়ে গেলে তো আলোচনার দরকার নেই। আলোচনা হয়ে তারপরেই তো বাস্তবায়ন হবে।
“তবে এটা আলোচনার এজেন্ডায় আমরা রেখেছি এবং সরকারকে জানানো হয়েছে। সে ব্যাপারে জনগণ প্রক্রিয়াও ঠিক করে দিয়েছে, টাইম লিমিটও ঠিক করে দিয়েছে, ফোরাম গঠনের সবকিছু জনগণ ঠিক করে দিয়েছে। এখন আমরা কীভাবে এটা নিয়ে আগাইতে পারি—এই যে মাঝখানে দ্বিমতের বিষয়টা আসছে—এগুলো নিরসনের জন্য, এই সংকট, ক্রাইসিস নিরসনের জন্যই এই ডায়ালগটা। সেই জায়গায় আমরা যাব।”
এছাড়া ইউনিয়ন পরিষদের নিবাচনের আগে নিবাচন কমিশন আয়োজিত সংলাপে ১১ দলীয় ঐক্য শরিকরা জোটগতভাবে আলোচনায় অংশ নেবেন বলে জানান হামিদুর রহমান আযাদ।
তথ্যসূত্র: বিডিনিউজ