জাতীয় ঈদগাহের পাশে ড্রামে মেলা লাশ পুরুষের, মুখমন্ডলে লম্বা দাড়ি

সোনার দেশ ডেস্ক :
রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রামে মেলা লাশটি একজন পুরুষের। নিহতের মুখে লম্বা দাড়ি রয়েছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী খন্ড-বিখন্ড লাশটি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর লাশ মেলার বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার রেখে যাওয়া নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খন্ড -বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে।
পরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে কথা হলে জানা যায়, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা অবস্থায় ছিল লাশটি, এখনো সেগুলোর সংখ্যা গণনা করা সম্ভব হয়নি।
ডিসি মাসুদ বলেন, লাশটির মোট কতটি অংশ উদ্ধার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মুখমন্ডল দেখে বোঝা যাচ্ছে নিহত একজন পুরুষ। তার মুখম-লে লম্বা দাড়ি আছে।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
তথ্যসূত্র: বাংলানিউজ