শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজনৈতিক দলের সংলাপ শুরু বৃহস্পতিবার: ইসি সচিব

WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন

সোনার দেশ ডেস্ক:


ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেএবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার থেকে এই সংলাপ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে সংলাপের শুরুর দিকে কোনো কোন রাজনৈতিকগুলো থাকবে সে বিষয়ে পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, “১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে দলের সঙ্গে মতবিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়।”
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোট প্রস্তুতির কাজ শেষ করে এনেছে। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণিপেশার সঙ্গে সংলাপ করেছে।
শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়েই দলগুলোর সঙ্গে এ সংলাপ করা হচ্ছে বলে সচিব জানান।

বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে; এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।
এ সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল সোচ্চার রয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুয়েকটি পক্ষের আবেদন

রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনও তাদের আলোচনায় ডাকেনি জাতীয় পার্টিকে
এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কী না জানতে চাইলে ‘বিষয়টি এড়িয়ে গিয়ে’ ইসি সচিব আখতার আহমেদ বলেন, “কাদেরকে কাদেরকে ডাকবো এখনও ঠিক করি নি। আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন।”

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কি না প্রশ্নে সচিব সাংবাদিকদের বলেন, “এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন, হলে জানানো হবে।”
বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের আদেশের কপি এখনও নির্বাচন কমিশন হাতে পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “আমরা এখনও সার্টিফাইড কপি পাই নি। রায়ের কপি হাতে পেলে ইসি পর্যালোচনা করে আপিল করা হবে কি হবে না- পরবর্তী করণীয় ঠিক হবে।”
সীমানা পুননির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের প্রায় ৩০টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় বিলম্ব ঘটলে তফসিলে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘প্রভাব পড়তে পারে’।
সচিব বলেন, দাবি-আপত্তি শেষে সংসদীয় আসনের পুননির্ধারিত চূড়ান্ত সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও রায়ের পর্যবেক্ষণ না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
তথ্যসূত্র: বিডিনিউজ