মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ফাইল ছবি
সোনার দেশ ডেস্ক :
রাজধানীতে চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসার দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
সাব্বির হাসান নামের ওই যুবক মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
মঙ্গলবার বেলা দেড়টার পরে পুলিশের জেনেছে, তার সহকর্মীরা ঘরের দরজা ভেঙে সাব্বিরকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “আমরা জানতে পেরেছি সাব্বিরসহ আরো ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। যে যার মত কাজে সকালে চলে যায়। সাব্বির একজনকে নাস্তা আনতে পাঠান। নাস্তা নিয়ে আসার পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
তিনি বলেন, “সিলিংয়ের সাথে যে রশি দিয়ে উনি গলায় ফাঁস দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে সেই রশি ছেড়ে তিনি নিচে পড়ে ছিলেন এরকম প্রাথমিক তথ্য পাওয়া গেছে।”
পুলিশ ঘটনাস্থলে আছে জানিয়ে ওসি আহমেদ বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বিডিনিউজ