রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তিন জেলায় সড়কে প্রাণ গেল ৯ জনের

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন
তিন জেলায় সড়কে প্রাণ গেল ৯ জনের
তিন জেলায় সড়কে প্রাণ গেল ৯ জনের

বগুড়ায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হন

সোনার দেশ ডেস্ক :


সুনামগঞ্জ, বগুড়া ও রংপুর জেলায় পুথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে মা-মেয়েসহ তিনজন, বগুড়ায় বাবা-ছেলেসহ তিনজন এবং রংপুরে তিনজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
মারা যাওয়ারা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী (৪২), তার মেয়ে প্রথমা চোধুরী (১৫) এবং শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

পুলিশ সূত্রে জানায়, আজ সকালে সুনামগঞ্জ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাক। ঘটনাস্থলেই মারা যান আখি চৌধুরী ও সজল ঘোষ।

গুরুতর অবস্থায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রথমা চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‍“সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”

বগুড়ায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের মা ও মেয়ে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশার চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)।

আহতরা হলেন বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিপুল পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। দুর্গাপূজার ছুটিতে স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি নারচী গ্রামে যাচ্ছিলেন।

ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় এসে অটোরিকশায় নারচীর উদ্দেশে রওনা হন তারা। পথে ফুলবাড়ি কাঠালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান।

এসময় আহত হন একই পরিবারের চারজন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লব মারা যান। গুরুতর অবস্থায় মমতা রানী ও তার মেয়ে রূপা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত তিনজনের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের
রংপুর নগরীর দমদমা ব্রিজের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাজহাট থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে নগরীর তাজহাট থানাধীন দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের ওপর ঢাকা মেট্রো ন ১৯-৬৪ ৯২ নামীয় মালবাহী পিকআপ মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য ঢাকা-রংপুর অভিমুখে এসে ইউটার্ন নেওয়ার সময় রংপুর-ঢাকা অভিমুখে চলমান বালুর ট্রাক ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে পিকআপে থাকা রংপুরের মীরগঞ্জের ইউসুফের ছেলে পিকআপের হেলপার আরিফ (২০), পীরগাছা উপজেলার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা (২৮) ও একই উপজেলার সাতদরগার মোতালেব হোসেনের ছেলে ওয়ালিদ। পিকআপের চালককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি শাহজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। কিন্তু ট্রাকের চালক ও হেলপারকে করা সম্ভব হয়নি। আইন অন্যুায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় রংপুর ঢাকা মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
তথ্যসূত্র: রাইজিংবিডি, বাংলানিউজ, বাংলাট্রিবিউন