রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ইয়াবার বিনিময়ে যেন সার পাচার না হয়: কৃষি উপদেষ্টা

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ন
ইয়াবার বিনিময়ে যেন সার পাচার না হয়: কৃষি উপদেষ্টা
ইয়াবার বিনিময়ে যেন সার পাচার না হয়: কৃষি উপদেষ্টা

সোনার দেশ ডেস্ক:


ইয়াবার বিনিময়ে মিয়ানমারে যাতে সার পাচার না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “অনেকে বলে থাকেন- সারের মূল্য বৃদ্ধির কথা; সারে কোনো ধরনের দাম বাড়ানো হয়নি।
“ইয়াবার বিনিময়ে মিয়ানমারে যাতে সার পাচার না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাগরপথে ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছে। তার বদলে মাদক আসছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করার কথা এর আগে জানিয়েছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর।

গত রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেছিলেন, “আমাদের দেশে মাদক আসছে, তার পরিবর্তে চাল-সার যাচ্ছে। এটা কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।
“সার-চালের ক্ষেত্রে কক্সবাজার-চট্টগ্রাম থেকে শুধু না; বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে যায়। এ ব্যাপারে নৌ বাহিনী এবং কোস্ট গার্ডকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রতিরোধে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, “গত এক বছরে ৮৮ লাখ ৫৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। এবাবদ ৮৯৩ কোটি ২০ লাখ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরে সারের বকেয়া ২০ হাজার ৬৯১ কোটি টাকাসহ মোট ২৭ হাজার ৬৮৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সার আমদানির সিন্ডিকেট ভেঙে দেওয়ায় সরকারের ২৩৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯ হালনাগাদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পাটকলের অব্যবহৃত গুদামকে সার মজুতের জন্য ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “শাকসবজি সংরক্ষণে ১০০ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হচ্ছে। পেঁয়াজ ও আলু সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন ও বিশেষ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আলুর দাম হিমাগার গেইটে সর্বনি¤œ ২২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।”

কৃষকের কাছ থেকে ৫০ হাজার টন আলু কেনা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানান হয়, কৃষি মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর বা সংস্থার ১০৯ জন বঞ্চিত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে; ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ৬৪৫ জন কর্মকর্তাকে বদলি ও শতাধিক কর্মকর্তার দুর্নীতির তদন্ত করার জন্য অভিযোগ দুদুকে পাঠানো হয়েছে।
এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: বিডিনিউজ