জাপাকে যে দোষ দেওয়া হচ্ছে, তার ‘ভাগীদার বিএনপি-জামায়াতও’: আনিসুল

সোনার দেশ ডেস্ক:
স্থানীয় সরকার নির্বাচনসহ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে, ‘বিএনপি-জামায়াত সেই দোষের ভাগীদার’ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত দলটির সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১৪ সনে আমরা যে নির্বাচন করেছি সেটা ২০০৮ সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে।”
বিএনপি ও জামায়াত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়টি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, “সেই ২০১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন থেকে আরম্ভ করে উপজেলা, প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা প্রত্যেকেই করেছেন। তাহলে বৈধতা আমরা দিয়েছি ১৪ সালের নির্বাচিত সরকারকে?
“১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন, আপনারা বৈধতা দিয়েছেন। ২০১৮ সালে কেন নির্বাচন করলেন তাদের অধীনে? সব পার্টি এবং বিএনপি থেকে যারা নির্বাচিত হয়েছিল তারা তো পার্লামেন্ট বর্জন করেননি। তারা সেই পার্লামেন্টেৃ দোষ শুধু আমাদের। যেই দোষ আমাদের উপর দিচ্ছেন, সেই দোষের বড় ভাগীদার হচ্ছেন আপনারা।”
তথ্যসূত্র: বিডিনিউজ