ঈশ্বরদীতে সম্মিলিত দরবার ও মাজার শরীফের উদ্যোগে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
সম্প্রতি রাজবাড়ির গোয়ালন্দে নূরা পাগলার লাশ কবর থেকে তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়াসহ সারা দেশে বিভিন্ন মাজার ও দরবার শরীফে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদী শহরে এসব কর্মসূচী পালন করা হয়। রেলগেট জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে পাবনা, লালপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩ শতাধিক ভক্তরা অংশগ্রহণ করেন। সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটির আহবায়ক রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ঈশ্বরদীর কালাচান মাজার শরীফের সভাপতি এস. এম ফজলুর রহমান, সুফি সাধক এসএম রাজা, আব্দুর রহমান, আইনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।