৫ আগস্ট জয়পুরহাট থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৫০ মিনিটে জয়পুরহাট জেলার সদর থানার হাতিল ফকিরপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টিস্যু কাপড়ের ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় একটি সাদা রঙের সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে।
যার গায়ে NF24 Sound Grenade লেখা সহ ইংরেজিতে ছোট বড় বিভিন্ন লেখা আছে। যার দৈর্ঘ্য ৩.৩ ইঞ্চি। অভিযান পরিচালনাকালে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী র্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেডটি জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট জেলার সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুটের ঘটনা ঘটে।
থানা থেকে লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির মধ্যে ইতোপূর্বে র্যাব-৫ সিপিসি-৩ এর অভিযানিক দল রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে র্যাব-০৫, সিপিসি-৩ এর তৎপরতা অব্যাহত রয়েছে।