চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা টিপু সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক আমলে নেয়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
তবে মঙ্গলবার প্রজ্ঞাপনটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ২০২৩ সালের ২৫ এপ্রিল দায়ের একটি মামলার (নং ৩৪) অভিযোগপত্র আমলী আদালত আমলে নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহেনের অনুরোধ করেন। যেহেতু, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে মনে করে সরকার। সেহেতু চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীদ রানা টিপুর সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য , শাহীদ রানা টিপু চারটি হত্যা মামলার আসামি। এরমধ্যে তিনটি মামলাতেই প্রধান আসামি। এছাড়াও পুলিশের খাতায় বিস্ফোরকসহ কয়েকটি মামলার অন্যতম আসামি।
চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আব্দুলহাকিম পিন্টুকে। পরের দিন নিহতের বাবা মো. হুমায়ন শাহীদ রানা টিপুকে প্রধান আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এর আগে ২০১৮ সালের ১০ মার্চ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হন আইয়ুব আলী। ২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন এর একটি বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হয় জিয়াউর রহমান। ওই দুটি মামলাতেও শাহীদ রানা টিপুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ২০২৩ সালের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড়ে যুবলীগ নেতা খাইরুল আলম জেম হত্যা মামলায় এজাহারভূক্ত অন্যতম আসামি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, শাহীদ রানা টিপুর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন। একটি মামলা পুলিশের তদন্তাধীন রয়েছে। পুলিশের কাছেও তিনি পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক রয়েছেন।