রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত চাহিদার মজুত রয়েছে: কৃষি সচিব

WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:২১ অপরাহ্ন
WP Import ২৮ আগস্ট ২০২৫ ১০:২১ অপরাহ্ন
দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত চাহিদার মজুত রয়েছে: কৃষি সচিব
দেশে সার সংকট নেই, ডিসেম্বর পর্যন্ত চাহিদার মজুত রয়েছে: কৃষি সচিব

আল-মামুন বিশ্বাস, গোমস্তাপুর:


কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল¬াহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোন সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। কিছু কৃত্রিম সমস্যার কারণে ‘সারের সংকট’ বলে প্রচার করা হচ্ছে। কিছু অসাধু সুবিধাভোগী মানুষের কার্যক্রমের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। তা রোধে কাজ করছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট, তার ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকি। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলনের প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ভূ-গর্ভস্থ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের সম্ভাবতা যাচাই চলছে বলে তিনি জানান।

কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকে, তেমনি অন্যদিকে যাতে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার করা না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার। প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আগে তিনি মহানন্দা ও পুনর্ভবা নদীর মোহনা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি নদীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে সে অনুযায়ী প্রকল্প পরিকল্পনার কথা জানান। পরে কৃষি সচিব গোমস্তাপুর উপজেলা বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন” শীর্ষক উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

এসময় বক্তব্য ও অন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, মো. নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তাসহ অন্যান্যরা।