গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২৪-২৫) লামিসা নওরীন পুষ্পিতা (২১) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লামিয়া জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে নগরীর বিনোদপুরের লেবুবাগান এলাকার বাদশা মেছে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যা প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পাওয়ার পর ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামায়। এসময় তার শরীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করে। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি বলেন, পরিবারের সদস্যরা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।