কনকনে শীতে স্বস্তির পরশ, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
কনকনে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবনে স্বস্তির পরশ নিয়ে মুহাম্মদপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের শীত নিবারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর টিকাপাড়া এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শীতার্ত শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, শীত দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় সংকট। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই কম্বল বিতরণ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কমিটির সিনিয়র সহসভাপতি আশরাফুজ্জামান আব্বু, সহসভাপতি আহসান হাবীব খোকন, কোষাধ্যক্ষ নূরে আলম বাচ্চু, সদস্য আলহাজ সেলিম কচি ও সামিউল হক সানি।
মাদ্রাসার পক্ষে বক্তব্য দেন প্রধান শিক্ষক মুফতি আনোয়ার হোসাইন। তিনি বলেন, শীতের সময় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কম্বল পাওয়ায় তারা শীতের কষ্ট থেকে কিছুটা স্বস্তি পাবে এবং পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবে। এ উদ্যোগের জন্য তিনি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মো. শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মো. আল নাফিসসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে শিক্ষার্থীদের মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তারা জানায়, শীতের রাতে ঘুমাতে কষ্ট হতো, এখন কিছুটা আরাম পাওয়া যাবে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কম্বল বিতরণ কর্মসূচি স্থানীয়দের প্রশংসা পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।