রবিবার, জুন ২১, ২০২৬

পবায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ১০:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জানুয়ারি ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
পবায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বায়া হাট প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। তিনি বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রেরণার নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও অন্যায় ও স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। অথচ একটি ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, বাড়ি থেকে উচ্ছেদ করেছে এবং মিথ্যা মামলায় কারাবন্দি করেছে। ধীরে ধীরে তাঁকে হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের নির্মম ও অমানবিক আচরণ দেশের গণতান্ত্রিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।


আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি বলেন, এই নির্বাচনে বেগম খালেদা জিয়ার মনোনীত রাজশাহী-৩ আসনের ধানের শীষের এমপি প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলনকে বিপুল ভোটে জয়ী করাই হবে নেত্রীর প্রতি প্রকৃত শ্রদ্ধা।


দোয়া মাহফিলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দোয়া মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ানোর এক নৈতিক শক্তি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি এই আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।


নওহাটা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে এবং রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওহাটা পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষপর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়া হাট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলা মুফতি এম আর কে সালমান ফার্সী।


পলাশ