মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পবায় শীতকালীন ক্রীড়ায় শিক্ষার্থীদের সাফল্য, পুরস্কার তুলে দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
পবায় শীতকালীন ক্রীড়ায় শিক্ষার্থীদের সাফল্য, পুরস্কার তুলে দিলেন ইউএনও

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম—এই প্রত্যয়কে সামনে রেখে পবা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। সেই লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।


এই অনুষ্ঠানের আয়োজন করেছে পবা উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন।


শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও সহমর্মিতা শেখায়। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের সুস্থ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, দলগত কাজের দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করে।


এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন বলেন,“শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার একঘেয়েমি দূর করে খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”তিনি আরও জানান, ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আখতার হাসান বলেন,

মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. শামসুজ্জোহা বলেন,“এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে শিক্ষার্থীদের দূরে রাখা সম্ভব।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান


সভাপতিত্ব করেন মাসকাটাদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আখতার হাসান। এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, হকি, টেবিল টেনিস ও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।


উল্লেখ্য, ফলাফলের মধ্যে হকি খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়। টেবিল টেনিস বালক একক বিভাগে চ্যাম্পিয়ন হয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফসান জামান। ক্রিকেট খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ এবং রানার আপ হয় দারুশা উচ্চ বিদ্যালয়। বালিকা গ্রুপে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাটরামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়। ভলিবল খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয় মাসকাটাদিঘী স্কুল এন্ড কলেজ। বালিকা গ্রুপে ভলিবলে চ্যাম্পিয়ন হয় হাটরামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়।