মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ‘শিক্ষকদের সহায়তার জন্য’ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে ‘শিক্ষকদের সহায়তার জন্য’ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ


পাবনার ঈশ্বরদীতে ‘গরিব শিক্ষার্থী ও মাস্টার রোলে থাকা শিক্ষকদের সহায়তা’র কথা বলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পুরণের নামে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঈশ্বরদী প্রেসক্লাবে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।


শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছর ওই বিদ্যালয় থেকে মোট ১৬৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ফরম পুরণ বাবদ ৩ হাজার ২২০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ৩ হাজার ৬০ টাকা করে আদায় করা হচ্ছে। অথচ সরকার নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩৬৫ টাকা গ্রহনের নিয়ম রয়েছে।


অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঈশ্বরদী প্রেসক্লাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


অভিযোগে শিক্ষার্থীরা জানান, ১৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় দেড়শ’ শিক্ষার্থীর নিকট থেকেই উল্লেখিত অংকের টাকা নিয়েছেন শিক্ষকরা কিন্তু তাদের কোন রশিদ না দিয়ে পরে সকলের রশিদ একসঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। প্রধান শিক্ষকই বিষয়টি ভালো বলতে পারবেন।’


অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, ‘সরকার নির্ধারিত ফি কম হওয়ায় বিদ্যালয়ের কিছু গরিব শিক্ষার্থী ও মাস্টার রোলে থাকা শিক্ষকদের সহায়তার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।’


তবে প্রধান শিক্ষকের এ বক্তব্যকে সম্পূর্ণ আইনবহির্ভূত উল্লেখ করে বিদ্যালয়টির সভাপতি ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, ‘সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’