নাটোরে চলনবিলে পাখি শিকারের জাল জব্দ
নাটোর জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিল থেকে ১১টি শালিক পাখি এবং পাখি শিকারের ফাঁদ হিসেবে ব্যবহৃত চারহাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সিংড়া উপজেলায় চলনবিলের সাতপুকুরিয়া, ডাহিয়া ও চৌগ্রাম এলাকায় দিনব্যাপী পরিচালিত অভিযানে উদ্ধারকৃত পাখি অবমুক্ত এবং জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বিল এলাকার মানুষের মাঝে সচেতনতামূলক পথসভা করেন। এ সময় চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শীতে চলনবিলে বিভিন্ন প্রজাতি দেশী এবং অতিথি পাখির আগমন ঘটে। বিলের পাখিসহ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও বন অধিদপ্তরেরসহযোগিতায় তারা কাজ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, পাখি শিকার রোধসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।