বিনা অপরাধে ঈশ্বরদীতে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেয়া হবে না : বিএনপি নেতা হাবিব
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিনা অপরাধে নিরীহ মানুষের ওপর জুলুম করতে দেওয়া হবে না। বিনা অপরাধে ঈশ্বরদীতে কোনো দলের কোন নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে দেওয়া হবে না।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাবিব বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট কখনো সহ্য করতে পারতেন না। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দলের নেতাকর্মীদের ছাড়াও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মাটি ও মানুষের কল্যাণের কথা ভেবেছেন। যারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন কিন্তু কোনো অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদেরও যেন কোনোভাবে হয়রানির শিকার হতে না হয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।
ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শাহিন, হাসিবুল ইসলাম হাক্কে মন্ডল, যুবদল নেতা রফিকুল ইসলাম রকি, সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন প্রমুখ।