রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর

সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪ অপরাহ্ন
আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান।


সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।


নুর বলেন, তারেক রহমান বলেছেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে।


তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে আমি সব জায়গায় যেতে পারিনি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতে পারিনি। এই সীমাবদ্ধতার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং বিষয়টি ভালো দৃষ্টিতে দেখার অনুরোধ জানাই।


নুরুল হক নুর বলেন, আপনাদের হাতে এত সম্ভাবনা থাকার পরও যদি তা কাজে লাগাতে না পারেন, তাহলে এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন ও ছেলে-মেয়েদের ভবিষ্যৎ চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ