শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

আরও দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সোনার দেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬ ১০:৫০ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
আরও দুর্ভোগ আসতে পারে, বাড়তে পারে দারিদ্র্য: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘একটি বৈরী পরিবেশে বর্তমান সরকার গঠন হয়েছে। বিগত দিনের মূল্যস্ফীতির কারণে সামনের দিনে জনজীবনে আরও দুর্ভোগ আসতে পারে, নিম্নবিত্তরা আরও দরিদ্র হয়ে দারিদ্র্যের সংখ্যা আরও বাড়তে পারে। গত ৩ বছরে মূল্যস্ফীতির কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে।’


শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনও রাজনৈতিক দল আগে কখনও কাজ করেনি। বাস্তবতাকে সামনে রেখে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নের।’


তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী কথার বাগাড়ম্বরে বিশ্বাসী নন, তিনি কাজে প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক তারই প্রমাণ। বাংলাদেশে এটি একটি যুগান্তকারী অধ্যায়। দেশে বিনিয়োগ সংক্রান্ত অনেকগুলাও কমিটি আছে,  কিন্তু ফ্যাসিবাদী আমলে এগুলোর কোনও কার্যক্রম ছিল না। তাই চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি।’


অর্থ উপদেষ্টা বলেন, ‘এ রকম একটা সংকট পরিস্থিতিতেও বর্তমান সরকার জনকল্যাণমুখী কার্যক্রম ১ নম্বর এজেন্ডায় নিয়েছে। আমরা বিনিয়োগ বান্ধব দেশ গড়তে চাই। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরাই প্রথম সার্বজনীন ব্যবস্থা গ্রহণ করেছি।’


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘অতীতের এমন অভিজ্ঞতা আমাদের রয়েছে। অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে গড়ে তুলছিলেন। সব প্রতিবন্ধকতা কাটিয়ে বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। সামাজিক সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি, মর্যাদা ও সম্মানের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে  অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলকভাবে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’


ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়াও বৃহত্তর  ফরিদপুরের পাঁচটি জেলার সংসদীয় আসনের ১১ জন এমপি, পাঁচ জন জেলা প্রশাসক, পাঁচ জন পুলিশ সুপার ও পাঁচ জন জেলা পরিষদের প্রশাসকসহ সরকারের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।-বাংলা ট্রিবিউন