শুল্কের ১৭৫ বিলিয়ন ডলার ফেরত দিতে শুরু করেছে আমেরিকা, কারা সবচেয়ে বেশি টাকা পাবে?
গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছিল। তারপর থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল আদায় করা শুল্ক ফেরত দেওয়ার। কয়েক সপ্তাহ অপেক্ষার পর, মার্কিন সরকার অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ শুল্ক নীতির অধীনে আমদানিকারকদের কাছ থেকে আদায় করা শত শত কোটি ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ট্রাম্প প্রশাসন ব্যবসায়ীদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করছে, যার মাধ্যমে তারা পরিশোধিত প্রায় ১৭৫ বিলিয়ন ডলার শুল্ক ফেরত পাবেন।
ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর মতে, সিএপিই বা কনসলিডেটেড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রসেসিং অফ এন্ট্রিজ নামে পরিচিত পোর্টালটি, আদালতের আদেশে অনুমোদিত ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)-এর অধীনে আরোপিত শুল্কের জন্য বৈধ রিফান্ড অনুরোধ জমা দেওয়া এবং প্রক্রিয়াকরণকে সহজ করবে। তবে, পোর্টালটি প্রতিটি এন্ট্রির ভিত্তিতে ফেরতের পরিবর্তে, সুদ-সহ আইইইপিএ-এর শুল্কের ফেরত একত্রিত করার জন্য ডিজাইন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন কীভাবে এই শুল্ক ফেরত দেবে তা এখনও স্পষ্ট নয়।
সিবিএস-এর একটি প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর অধীনে অবৈধভাবে শুল্ক আরোপ করেছেন বলে প্রমাণিত হওয়ায় মার্কিন সরকারকে ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে ১৭৫ বিলিয়ন ডলার পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। সিবিপি-র তথ্য অনুযায়ী, ৯ এপ্রিল পর্যন্ত ৫৬,০০০-এরও বেশি মার্কিন আমদানিকারক শুল্ক ফেরত পাওয়ার জন্য রেজিস্টার করেছেন। তবে, এই আবেদনগুলির সবগুলিই শুল্ক ফেরত ব্যবস্থার প্রথম পর্যায়ের শর্ত পূরণ করে না।
সিবিপি অনুসারে, “প্রথম পর্যায়টি নির্দিষ্ট কিছু অপরিশোধিত এন্ট্রি এবং লিকুইডেশনের ৮০ দিনের মধ্যে থাকা নির্দিষ্ট কিছু এন্ট্রির মধ্যে সীমাবদ্ধ।” সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিএপিই-এর প্রাথমিক পর্যায়ে প্রদত্ত অর্থের প্রায় ৮২ শতাংশ, যার পরিমাণ ১২৭ বিলিয়ন ডলার ফেরতযোগ্য।
গ্রাহকরা কি টাকা ফেরত পাবেন?
শুধু ব্যবসা প্রতিষ্ঠানগুলিই নয়, গ্রাহকদেরও শুল্কের বোঝার সিংহভাগ বহন করতে হয়েছে। কিন্তু উপভোক্তারা কোনও অর্থ ফেরত পাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ফেডেক্স এবং কস্টকো-সহ কিছু সংস্থা গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা করার কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
কোন কোন শুল্ক ফেরতের জন্য যোগ্য?
শুধুমাত্র আইইইপিএ-এর শুল্কগুলিই ফেরতযোগ্য এবং সেক্ষেত্রেও সিবিপি যে ধরনের শুল্ক ফেরত দেবে বলে জানিয়েছে, তার উপর সীমাবদ্ধতা। বিশ্ব বাণিজ্য ও লজিস্টিকস সংস্থা ফ্লেক্সপোর্টের প্রেসিডেন্ট সানে ম্যান্ডার্স সিবিএস-কে বলেন, এটি মোট আইইইপিএ শুল্কের প্রায় ৬৩ শতাংশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন