শুক্রবার, মে ১৫, ২০২৬

আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধন, সরিয়ে দিল বিএনপিপন্থিরা

সোনার দেশ ডেস্ক ১৪ মে ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ১৪ মে ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধন, সরিয়ে দিল বিএনপিপন্থিরা

অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করা আওয়ামীপন্থি আইনজীবীদের আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে দিয়েছে বিএনপিপন্থি আইনজীবীর।


বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়।


ঢাকা বার সাধারণ আইনজীবী ব্যানারের মানববন্ধন করেন আওয়ামীপন্থি আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘দেশবিরোধী’ দাবি করে সেটি বাতিলের দাবি জানান তারা।


এদিন দুর্নীতির মামলায় মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে আসেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। আওয়ামীপন্থি আইনজীবীরা তাকে মানববন্ধনে যোগদানের আহ্বান জানান।


তবে আদালতে হাজিরা শেষে সংহতি প্রকাশ করে মানববন্ধনে দাঁড়িয়ে যান আনিস আলমগীর। আদালত প্রাঙ্গণে কিছু সময় দাঁড়িয়ে থেকে চলে যান তিনি।


মানববন্ধন শেষ করে কয়েকটা দলে আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীরা দাঁড়িয়ে ছিলেন। তখন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী এসে তাদের ওই ধরনের মানববন্ধন না করে চলে যেতে বলেন। আওয়ামীপন্থি এক আইনজীবী বাদানুবাদে জড়ান। তখন তাকেসহ আরও কয়েক আইনজীবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর আওয়ামীপন্থি আইনজীবীরা সরে যান।


এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবী জাকির হাসান জুয়েল বলেন, “তারা গুটি কয়েকজন আইনজীবী মিলে কোর্টে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এই কার্যক্রমগুলো চালায়। সাধারণ আইনজীবীরা তাদের এই কার্যক্রমে বাধা দেওয়ার জন্য অনুরোধ করে, নিষেধ করে। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে এবং পরে তারা চলে যায়।


জাকির হাসান বলেন, “শুনেছি গতকাল (বুধবার) সিজেএম কোর্টের সামনে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন হাজিরা দিতে আসেন, তখন তারা তাদের নেতৃবৃন্দকে সামনে রেখে জয় বাংলা স্লোগান দেন। সেসবের ভিডিও ফুটেজ ধারণ করে তাদের পলাতক নেত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য কোর্ট-কাছারিতে তারা এই পরিবেশ তৈরি করে।


“তারা সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্য পাঁয়তারা করছে। তাই সাধারণ আইনজীবীরা আজকে এর প্রতিবাদ করেছে।”


আওয়ামীপন্থি আইনজীবীদের একজন ওবায়দুল ইসলাম বলেন, “আমরা সাধারণ আইনজীবীদের ব্যানারে হামের টিকায় গাফিলতি ও আমেরিকার সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন করি। সেখানে তিন-চার জন লোক এসে ধস্তাধস্তি করে।


“তারা অভিযোগ করে এখানে নাকি জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। তবে এখানে জয়বাংলা স্লোগান দেওয়া হয়নি। আর জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না। যে কেউ দিতে পারে। তবে আজ জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি।”


তথ্যসূত্র: বিডিনিউজ