শনিবার, আগস্ট ২২, ২০২৬

কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
আনোয়ারুল ইসলাম মামুন। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলা কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে।


বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন আলীকদম উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি।


শনিবার (৪ জুলাই) আলীকদম থানায় করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী স্কুলে আসা-যাওয়ার সময় আনোয়ারুল ইসলাম মামুন (২৬) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে মামুনকে নিষেধ করার পরও প্রতিনিয়ত রাস্তাঘাটে বিরক্ত করতেন এবং জোরপূর্বক বিয়ে করবেন বলে হুমকি দিয়েছিলেন।


গত ৮ জুন সকালে মেয়ের খোঁজ না পেয়ে আলীকদম থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা। একই দিন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার ওপর থেকে আনোয়ারুল ইসলাম মামুনসহ আটজন মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।


ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে সে উদ্ধার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করছি।’


এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন বলেন, আনোয়ারুল ইসলাম মামুনের পদ স্থগিত আছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, মামলা করা হয়েছে। স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে


তথ্যসূত্র : আজকের পত্রিকা অনলাইন