হাদির খুনির মতো আততায়ী আপনাদের মধ্যেই আছে কি না খতিয়ে দেখুন
ঢাকার সাভারে এনসিপির পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনাকে ঘিরে দলটির অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান।
তিনি বলেছেন, “ইতোমধ্যে আপনাদের মধ্যে নানা পক্ষ ঢুকে পড়েছে। ঠিক যেমন শহীদ ওসমান হাদীর সঙ্গে মিশেই তাকে হত্যা করেছে। আপনাদের সঙ্গে থেকে, আপনাদের মধ্যে খুনি ফয়সালের মতো আততায়ী হয়ে রাষ্ট্রকে ব্যর্থ করতে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, সেদিকেও লক্ষ রাখুন।”
সোমবার (৬ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
রাশেদ খান লেখেন, “গত এপ্রিল মাসের ১০ তারিখে ঢাকা জেলার ধামরাইয়ে এনসিপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে উক্ত এলাকার এনসিপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এমনকি নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল পর্যন্ত খাটিয়েছে। আজকে সেই দুই পক্ষই এনসিপির সাভারের সমাবেশে উপস্থিত ছিল। যাদের মধ্যে একে-অপরের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে। কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। সুতরাং, এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে বলব, বিএনপি নিশ্চয়ই নিজের পায়ে কুড়াল মারার জন্য আপনাদের সমাবেশে ককটেল মারবে না।”
তিনি লেখেন, “যেভাবে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের দুই পক্ষই অতীতে নিজেদের মধ্যে যে সংঘর্ষে জড়িয়েছে, একে-অপরকে জেল খাটিয়েছে, সেই ঘটনার রেশ এই প্রোগ্রামে পড়েছে কি না, দয়া করে খতিয়ে ও তদন্ত করে দেখুন।”
তথ্যসূত্র: রাইজিংবিডি