শনিবার, আগস্ট ২২, ২০২৬

জামায়াতের মতো স্বাধীনতা বিরোধীদল জাতির জন্য লজ্জাজনক : হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ১০:০০ অপরাহ্ন রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ জুলাই ২০২৬ ১০:০০ অপরাহ্ন
জামায়াতের মতো স্বাধীনতা বিরোধীদল জাতির জন্য লজ্জাজনক : হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, “জামায়াতের মতো বিরোধীদল থাকায় আমার লজ্জা হয়। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং এ দেশের মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের মতো একটি দল বিরোধীদলের দায়িত্ব পালন করছে।”

রোববার (১৯ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল থেকে রেলস্টেশন গেট পর্যন্ত ইউনিব্লক সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র চার মাস হলেও শিক্ষা ব্যবস্থার সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, গত এক দশকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। অটোপাস ও পরীক্ষায় অতিরিক্ত নম্বর প্রদানের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারকে সহযোগিতা না করে জামায়াতে ইসলামী ও এনসিপির কিছু নেতাকর্মী শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

হারুনুর রশিদ বলেন, “বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে আছে। উসকানি দিয়ে কোনো লাভ হবে না। শিক্ষাঙ্গণে শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়নে সরকার আপসহীনভাবে কাজ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিলসহ স্থানীয় নেতাকর্মীরা।