শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

সোনার দেশ ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন রাজনীতি
সোনার দেশ ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
মো. শরিফ।

লক্ষ্মীপুরে সদরে এক বিএনপি কর্মীকে ‘ফ্যাসিস্ট’ তকমা দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জের চৌরাস্তা এলাকায় এ মারধরের ঘটনায় রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।

এ সময় মোটরসাইকেল-মোবাইল ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. শরিফ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আনিসুল ইসলাম। তিনি বলেন, “শরিফের সঙ্গে দেখা হয়েছে। তিনি মাদকাসক্ত। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”


চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হওয়া শরীফ বলেন, ঘটনার সময় মাছের খাবার কিনতে

মোটরসাইকেলে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে কয়েক সহযোগীকে নিয়ে আনিসুল তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ‘তুই ফ্যাসিস্ট’ বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে শুরু করে।



শরীফ আরও বলেন, একই এলাকার আনিসুলদের সঙ্গে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলাও বিচারাধীন। এর জের ধরে বিভিন্ন সময় আনিসুল তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।

ভুক্তভোগী শরীফ ও আইনজীবী আনিসুল ইসলাম সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা।


শরীফ বিএনপির সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল আলম।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, “ঘটনাটি শুনেছি। আমাদের কাছে লিখিত অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হবে।”


লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: বিডিনিউজ