নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক নারী কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ছড়িয়ে পড়া ৩ সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়।
ভিডিওতে দেখা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের কেরানি কামরুন্নাহার টেবিলের এক পাশে বসে রয়েছেন। অপর পাশে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন সেবাগ্রহীতা। তাদের মধ্যে একজনের কাছ থেকে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করেছেন।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাত অবধি চলে দলিল সম্পাদনের কাজ। অতিরিক্ত অর্থ না দিলে সম্পাদন হয়না কোন দলিল।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন জানান, সাব-রেজিস্ট্রি অফিসে কাজের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েই থাকে। যা সাব-রেজিস্ট্রার নিয়ন্ত্রণ করেন। এটিই এখন নিয়ম হয়ে গেছে।
কামরুন্নাহার সোনার দেশকে বলেন, গতকাল (মঙ্গলবার) সেবাগ্রহীতার চাপে একটু বেশি সময় ধরে দলিল সম্পাদন হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এগুলো নকলনবিশদের জন্য পারিশ্রমিকের অর্থ।
জেলা রেজিস্টার সাইফুল ইসলাম বলেন , বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহণ করা হবে।