‘আমি হাফিজ সাঈদের গোলাম’, উগ্রপন্থি নেতার প্রতি সাবেক পাক মন্ত্রীর আনুগত্য
নিজেকে জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী হাফিজ সাঈদের ‘গোলাম’ হিসেবে অভিহিত করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী শেখ রশিদ আহমেদ।
ইমরান খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদ ভারতকে নানা হুমকি-ধমকি দিয়েছেন বলেও এনডিটিভির খবরে বলা হয়েছে।
হাফিস সাঈদ পাকিস্তানের কট্টরপন্থি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা। সন্ত্রাসে অর্থায়নের দায়ে ২০২২ সালের এপ্রিলে তাকে ৩১ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত।
এছাড়া মুম্বাইয়ে ২০০৮ সালে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, তার জন্য লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র।
এনডিটিভি লিখেছে, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা রশিদ আহমেদ যে মঞ্চে দাঁড়িয়ে হাফিজ সাঈদের প্রশংসা করেছেন, সেখানে লস্কর-ই-তৈয়বার কয়েকজন ‘সন্ত্রাসীও’ ছিলেন।
সেখানে রশিদ বলেন, “আমি হাফিজ সাহেবের গোলাম।”
তিনি দাবি করেন, তার ফোনে হাফিজ সাঈদের ফোন নম্বর পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছিল।
এরপর তিনি ভারতের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন।
হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত যদি পাকিস্তানের দিকে তাকায়, তাহলে আল্লাহ দেশটিকে ধ্বংস করে দেবেন।
“ভারতে কোনো পাখি ডাকবে না, কোনো মন্দিরে ঘণ্টাও বাজবে না।”
তিনি বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে আছি, হাফিজ সাঈদের সঙ্গে আছি।”
রশিদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ