মাত্র ৮ টাকায় ১ লিটার পেট্রোল! কোন পেট্রল পাম্পে গেলেই পাবেন জ্বালানি?
পেট্রোলের নাম শুনলেই যেখানে মধ্যবিত্তের হাত চলে যায় মাথায়, জ্বালানির ক্রমবর্ধমান দাম সবসময় যেখানে চিন্তার ভাঁজ ফেলে সাধারণ মানুষের কপালে, ঠিক তখনই এমন এক দেশের খোঁজ মিলেছে যেখানে পেট্রোল পাওয়া যায় আক্ষরিক অর্থেই জলের চেয়েও কম দামে! ১ লিটার পেট্রোলের দাম মাত্র ৮ টাকা—এমনই এক অবিশ্বাস্য তথ্য সামনে এনে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক ভারতীয় ট্র্যাভেল ভ্লগার।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ভারতীয় ট্র্যাভেল ভ্লগার গৌরব শর্মা ইরান সফরে গিয়ে একটি পেট্রোল পাম্পে গাড়ি রিফুয়েলিং করাচ্ছেন। ইরানে পেট্রোল কেনার জন্য বিশেষ ফুয়েল কার্ডের প্রয়োজন হয়। গৌরবের কাছে সেই কার্ড না থাকায়, পাম্পের এক কর্মী নিজের কার্ড ব্যবহার করেই তাঁর গাড়িতে তেল ভরে দেন।
এরপর আসে বিল মেটানোর পালা। গৌরব জানান, তাঁর গাড়িতে মোট ৩৩ লিটার পেট্রোল ভরা হয়েছিল, যার জন্য তাঁকে দিতে হয়েছে প্রায় ৫০ লক্ষ ইরানি রিয়াল। ভারতীয় মুদ্রায় হিসাব করলে যার পরিমাণ দাঁড়ায় মোটে ২৭০ টাকা। অর্থাৎ, সহজ অঙ্কে ১ লিটার পেট্রোলের দাম পড়েছে মাত্র ৮ টাকা! ভিডিওতে গৌরব মজা করে এও দেখান যে, যে জল আমরা খাই তার বোতলের দাম যেখানে প্রায় ২০ টাকা, তার চেয়েও অনেক কম দামে মিলছে পেট্রোল। তবে এখানেই শেষ নয়! গৌরবের দাবি, এর পরের পেট্রোল পাম্পে নাকি জ্বালানির দাম আরও কম ছিল—লিটার প্রতি মাত্র ৩ টাকা কিংবা আড়াই টাকা!
দাদুর আমলেও এমন পেট্রোলের দাম দেখেছেন কি না, তা নিয়ে রসিকতা শুরু করেছেন নেটিজেনরা। বিশেষজ্ঞদের মতে, ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হওয়ায় তাদের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বহু দেশের তুলনায় নামমাত্র। তবে স্থানীয় নিয়মকানুন এবং ফুয়েল কার্ডের ক্যাটাগরি ভেদে এই দামের তারতম্য ঘটে থাকে। তা সত্ত্বেও, ৮ টাকা লিটার দরে পেট্রোল পাওয়ার এই অবিশ্বাস্য অভিজ্ঞতা যে ঘুম উড়িয়ে দিয়েছে বিশ্ববাসীর, তা বলাই বাহুল্য।
তথ্যসূত্র: আজকাল অনলাইন