সড়ক দুর্ঘটনায় ঈশ্বরদী থানার ডিএসবি ইন্সপেক্টর ও এএসআই নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদী থানার বিশেষ শাখা (ডিএসবি)’র পরিদর্শক ও উপসহকারী পরিদর্শক (এএসআই) সহ ঈশ্বরদী থানার দুই পুলিশ কর্মকর্তা পাকশী লালন শাহ সেতুর ওপরে কর্তব্যরত অবস্থায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিজয় দিবসের দিন দুপুর দেড়টার দিকে পাকশী লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনা জেলা ডিএসবি’র ঈশ্বরদী জোনের পরিদর্শক মোজাহারুল ইসলাম এবং এএসআই কায়েস উদ্দিন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান কাভার্ড ভ্যানের চাপায় নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার ইটাকুমারী গ্রামে এবং এএসআই কায়েস উদ্দিনের বাড়ি রাজশাহী জেলার তানোর থানার রাতৈল গ্রামে।
ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম জানান, ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম মাত্র একদিন আগে সোমবার (১৫ ডিসেম্বর) ঈশ্বরদী থানা জোনে যোগদান করেন। মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তিনি এএসআই কায়েস উদ্দিনকে সঙ্গে নিয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হন।
এ সময় পাকশী লালন শাহ সেতুর ভেড়ামারা প্রান্তে টোল প্লাজার নিকট একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পাবনায় পাঠানো হবে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।