সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

নতুন নীতিতে সহজ হলো আমদানি, এলসি ছাড়াই পণ্য আনার সুযোগ

সোনার দেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন
নতুন নীতিতে সহজ হলো আমদানি, এলসি ছাড়াই পণ্য আনার সুযোগ
বাংলাদেশ ব্যাংক

আমদানি প্রক্রিয়া আরও সহজ করতে নতুন নীতি কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু শিল্প ও বাণিজ্যিক পণ্য ঋণপত্র (এলসি) ছাড়াই বিক্রয় চুক্তির ভিত্তিতে আমদানি করা যাবে। একই সঙ্গে আমদানিকারকদের জন্য ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে মূল্য পরিশোধের সুযোগও চালু করা হয়েছে। নতুন আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ অনুযায়ী, আমদানিকারকদের জন্য ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে।


রোববার (১৩ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।


এতদিন বেশির ভাগ ক্ষেত্রে বিদেশ থেকে পণ্য আমদানির জন্য এলসি খোলা ছিল প্রচলিত পদ্ধতি। নতুন নির্দেশনায় নির্ধারিত শর্ত পূরণ হলে কিছু ক্ষেত্রে এলসি ছাড়াই বিক্রয় চুক্তির ভিত্তিতে পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি, ওপেন অ্যাকাউন্ট ব্যবস্থায় পণ্য গ্রহণের পর নির্ধারিত সময়ে মূল্য পরিশোধের সুযোগও দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন আমদানি নীতির এসব বিধান অনুসরণ করেই ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করতে হবে।


সার্কুলারে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্যও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানি ও সংরক্ষণের বিধান নতুন নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক-টু-ব্যাংক ঋণপত্রের মাধ্যমে স্থানীয় উৎস থেকে স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধের ক্ষেত্রেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ছাড়া গত ১৩ আগস্ট জারি করা নির্দেশনা অনুযায়ী, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার যে বিধান রয়েছে, নতুন আমদানি নীতি কার্যকর হওয়ার পর প্রয়োজন অনুযায়ী তা সংশোধিত বলে গণ্য হবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ আগামী ৩১ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে। এর পর নতুন নীতি জারি না হওয়া পর্যন্ত একই বিধান বহাল থাকবে।


সার্কুলারে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, পণ্য আমদানি ও স্থানীয়ভাবে সংগ্রহ-সংক্রান্ত সব লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে নতুন আমদানি নীতির বিধান এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি