রাড্ডায় ভাঙচুরের ঘটনায় জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা) বিভাগ।
শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ।
গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বাংলা ট্রিবিউনকে বলেন,
রাড্ডা ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ত সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, গ্রেফতার সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। লুটপাট করা হয় প্রতিষ্ঠানটির সবকিছু।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১ অক্টোবর জাতীয় সংসদে ভবনে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন