জাতীয় ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা, রানার্সআপ সিলেট
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সপ্তম ও শেষ রাউন্ডের খেলা শেষে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। শেষ ম্যাচে রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। অন্যদিকে শেষ ম্যাচে বরিশালকে ১ ইনিংস ও ৩৮ রানে হারিয়ে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ। ঢাকাকে ১৪৩ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের চতুর্থ দিনের খেলায় ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা বিভাগ ১৩৮ রানে অলআউট হয়। ফলে ১৪৩ রানের জয় পায় চট্টগ্রাম।
চট্টগ্রামের দুই অপরাজিত ব্যাটার আশরাফুল হাসান পারান ২৭ ও সাব্বির হোসেন ২৪ রানে আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক হাসান মুরাদ। এর আগে চট্টগ্রাম ৮০.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে। ঢাকার বোলারদের মধ্যে ফয়সাল ৯, তাইবুর ১৫, সুমন ৩২ ও রাব্বি ৬৩ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ঢাকা। দুই ওপেনার আদিল বিন সিদ্দিক ৭ ও আনিসুল ইসলাম ১৪ রানে সাজঘরে ফেরেন। এরপর ফয়সাল ও শিবলি জুটিতে দলের রান ৬৮-তে নিয়ে যান। তবে ফয়সাল ব্যক্তিগত ৩৩ রানে আউট হলে আবারও চাপে পড়ে ঢাকা। পরে শিবলি ৩৮ এবং মার্শাল আইয়ুব ৬ রানে আউট হন। বিরতির আগে ১২০ রানে ছয় উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে দলটি।
বিরতির পর অধিনায়ক হাসান মুরাদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকার ইনিংস দ্রুত গুটিয়ে যায়। তিনি ২৪ ওভারে ৭১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। এ পারফরম্যান্সে চলতি এনসিএলে তাঁর মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ৪১। এর মধ্য দিয়ে এনসিএলের এক আসরে সর্বোচ্চ ৪০ উইকেট নেওয়ার নাসুম আহমেদের রেকর্ডও ভেঙে দেন হাসান মুরাদ।