সবার ওপরে লিটন, গড়লেন বিশ্বরেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন এককভাবে তার দখলে। প্রোটিয়াদের প্রথম ইনিংসে মোট ৮টি ডিসমিসাল করেছেন লিটন, যা টেস্ট ইতিহাসেই সর্বোচ্চ।
রেকর্ড গড়তে লিটনের অপেক্ষা করতে হয়েছে মাত্র একটি ডিসমিসালের জন্য। এর আগে ৬টি ক্যাচের পাশাপাশি রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে এক ইনিংসে ৭ ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে ওঠেন তিনি। মেহেদী হাসান মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা রিকেলটনকে স্টাম্পিং করেন লিটন।
এরপরই ইতিহাসের পাতায় নিজের নাম এককভাবে লেখান এই উইকেটকিপার। মিরাজের বলেই পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করা কাগিসো রাবাদাকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন লিটন। তাতেই এক ইনিংসে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৮-এ।
এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের। পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা এই কীর্তি গড়েছিলেন। এবার তাদের ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হলেন লিটন।
শুধু উইকেটের পেছনেই নয়, ব্যাট হাতেও এই টেস্টে উজ্জ্বল ছিলেন লিটন। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭৯ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের ইনিংসে ভর করে ৪০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
তথ্যসূত্র: রাইজিংবিডি