সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

অকাল বৃষ্টিতে মাথায় হাত আমন চাষিদের

নিজস্ব প্রতিবেদক ২১ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন কৃষি
নিজস্ব প্রতিবেদক ২১ নভেম্বর ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
অকাল বৃষ্টিতে মাথায় হাত আমন চাষিদের

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজশাহীর বিভিন্ন উপজেলার বিভিন্ন মাঠে পড়ে থাকা পাকা ও কাটা আমন ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষকেরা আশঙ্কা করছেন, অসময়ের এই বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ধানের ফলন কম হতে পারে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। তবে কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না।


রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় দুই দিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে ডুবে গেছে এবং পাকা ধান-গাছ হেলে পড়েছে। ফসল ঘরে তোলার ভরা মৌসুমে এমন অসময়ের বৃষ্টিতে উৎপাদন খরচ তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকেরা।


শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া হালকা ও মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শনিবারেও অব্যাহত ছিল। সরেজমিনে আমনের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে একরের পর একর রোপা আমন ধান নুয়ে জমিতে পড়ে আছে। জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার বিল ও নিচু জমিতে এখন আমন ধান কাটার ভরা মৌসুম। 


অনেক কৃষক ধান কেটে খেতেই শুকাতে দিয়েছিলেন এবং কেউ কেউ আঁটি বেঁধে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে এসব জমিতে পানি জমে যাওয়ায় কাটা ধান ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে এবং রোদের দেখা না মিললে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি খেতেই ধান পচে চারা গজানোর আশঙ্কা দেখা দিয়েছে।


তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামের কৃষক নিশান আলী জানান, আমন ধানের জমিতে যে পরিমাণ পানি ঢুকে আছে তা দ্রুত নিষ্কাশন না হলে ধানে গাছ গজিয়ে উঠবে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। তিনি আরও জানান, উজান থেকে প্রতিটি ব্রিজের মুখ দিয়ে পানি নামতেই আছে, যেদিকেই চোখ যায় সেদিকেই পানি থইথই করছে।


কৃষক রুহুল আমিন বলেন, আমার জমিতে ধান কেটে রেখেছিলাম। টানা বৃষ্টির কারণে সেগুলো ডুবে গেছে। বৃষ্টি না থামলে অনেক ক্ষতি হয়ে যাবে। একইভাবে কৃষক জাহিদুল জানান, পাকা ধানের ওপর বৃষ্টি হওয়ায় তারা সমস্যার মধ্যে পড়েছেন, তবে দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কম হবে।


কৃষকরা জানান, এবছর রোপা আমন রোপণের সময় থেকেই প্রচুর বৃষ্টির দেখা মিলেছে। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসেও অন্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্যে আবাদ টিকিয়ে রেখে শেষ মুহূর্তে ভালো ফলন হওয়ায় লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন তারা। 


কৃষকরা আশঙ্কা করছেন, শুক্রবার রাতে বৃষ্টি কিছুটা থামলেও শনিবার সকাল থেকে যেভাবে বৃষ্টি চলছে তা আজ রাত ও আগামীকাল ( রোববার) অব্যাহত থাকলে নিচের জমিগুলো পুরোপুরি ডুবে গিয়ে রোপা আমনের মারাত্মক ক্ষতিসাধন হবে, যা তাদের সর্বনাশ ডেকে আনবে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে সবজি খেতও ক্ষতির মুখে পড়েছে এবং গ্রামীণ হাটবাজার ও কৃষি শ্রমিকদের কাজেও স্থবিরতা নেমে এসেছে।


রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজীব খান জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ও সোমবার পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, তবে আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা একটু কমার সম্ভাবনা রয়েছে।


এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানাসহ মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব জমি থেকে মোট ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৩১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে রোদ উঠলে ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে।


রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, দ্রুত জমির পানি নিষ্কাশন করা গেলে বৃষ্টিতে ধানের খুব বেশি ক্ষতি হবে না। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। দুদিনের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব নয়। আরও দুদিন বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।


তিনি আরও বলেন, দেরিতে রোপণ করা আমন ধান এখনও অনেক জমিতে কাটা হয়নি। বৃষ্টির কারণে ধান কাটতে দেরি হবে এবং পরিপক্ব হতেও কিছুটা সময় লাগবে। তবে ঝড় না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কম। ঝড় হলে ধানগাছ নুয়ে পড়তে পারে, এতে বীজের মান ও ধানের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।