গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৭৫ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে মঙ্গলবারও (২৪ নভেম্বর) বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি করেছেন শ্রমিকরা। এতে এই শিল্পাঞ্চলের ৭০-৭৫টি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, ভোগড়া বাইপাস, শ্রীপুর, টঙ্গী ও সদর উপজেলার বিভিন্ন এলাকার কারখানায় এ ছুটি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে মৌচাকের তেলিরচালা এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা এলাকাতেও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
বেলা ১১টা ৫৫ মিনিটে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুপুর ১২টা ৫৫ মিনিটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে একদল শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকেরা গাজীপুরা ২৭ নম্বর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। শ্রমিকেরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। উদ্ভূত পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় কারখানা কর্তৃপক্ষ জেলার ৭০ থেকে ৭৫টি শিল্পকারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কর্তৃপক্ষ কারখানাগুলো খুলে দেবে।
শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তথ্যসূত্র: রাইজিংবিডি