পদ্মা এক্সপ্রেসে যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪
ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের সময় এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলাকার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্বরীর মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুরের হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেসের ছাদে উঠে রাজশাহী যাচ্ছিলেন। ট্রেনটি কালিয়াকৈর এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজনের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থল থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাই ও যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। এ বিষয়ে তাঁরা সহযোগিতা করছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা রেলওয়ে জেলা ঘটনাটি তদন্ত করছে।