মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বেড়ায় থানা ঘেরাও ও ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
বেড়ায় থানা ঘেরাও ও ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার চার দিন পর মামলা করেছে পুলিশ। এ মামলায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।


তিনি জানান, থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ আলী বাদী হয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি করেন। এতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে দাবি পুলিশের।


ওসি গোলাম মোস্তফা বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে থানা ঘেরাও, বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।


তিনি আরও জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়ার বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তাঁরা বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানার একটি গেট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।


এর কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কারা আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।


এ ঘটনার জেরে পরবর্তী তিন দিন বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এসব সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি গোলাম মোস্তফা।