মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পঞ্চগড়ে রাতভর কুয়াশার দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন জাতীয়
পঞ্চগড় প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
পঞ্চগড়ে রাতভর কুয়াশার দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় সড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। কোথাও কোথাও সামনের দৃশ্যও স্পষ্ট দেখা যায়নি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালে শীতের অনুভূতিও ছিল বেশি।


এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হতে কষ্ট হচ্ছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে গরম অনুভূত হয়।


চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনের দৃশ্য ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে।


আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বাজলেও সূর্যের দেখা মেলেনি।


এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।