মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বাঘায় নাশকতার অভিযোগে ছাত্রলীগকর্মী আটক

বাঘা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
বাঘায় নাশকতার অভিযোগে ছাত্রলীগকর্মী আটক

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজারে নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে ঝুট কাপড় ও পেট্রোলের বোতল উদ্ধারের দাবি করা হয়েছে।


আশিক বাউসা ইউনিয়নের ভেড়ালীপাড়া গ্রামের আকছেদ আলীর ছেলে। তিনি অলিম্পিক কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাউসা বাজারে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তাঁকে আটক করা হয়। এ সময় তাকে মারধরও করা হয়েছে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।


তবে আশিকের পরিবারের দাবি, অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গেলে তাঁকে আটক করে মারধর করা হয়। নাশকতার প্রস্তুতির অভিযোগের সত্যতা তদন্তের দাবি জানিয়েছে পরিবার।


বিএনপি নেতা রেজাউল করিম বলেন, আশিক দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর নাশকতার প্রস্তুতির খবর পেয়ে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাঁকে নিয়ে যায়।


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, বাউসা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় আশিক পলাতক ছিলেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে।