তথ্য কমিশনকে কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের
তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে নতুন তথ্য কমিশনকে গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। এ জন্য কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা বিচারকদের সমপর্যায়ে নির্ধারণ, পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দ এবং অভিজ্ঞ পূর্ণ সচিব নিয়োগের সুপারিশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ফোরামের প্রতিনিধিদল এসব প্রস্তাব তুলে ধরে। ফোরামের মতে, তথ্য কমিশনকে স্বাধীন ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
নতুন কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম স্বাধীনভাবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
ফোরামের বিবৃতিতে সহমত পোষণ করেছেন সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারপারসন ড. অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রজেক্টের প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।