খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়!
খেজুরগাছ থেকে রস সংগ্রহ, সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরি—এটাই খেজুরের গুড় তৈরির চিরচেনা প্রক্রিয়া। কিন্তু রাজশাহীর বাঘা, চারঘাট ও পুঠিয়ায় এই চিত্র বদলে যাচ্ছে। খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ খেজুর গুড়। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রঙ, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে রাতারাতি তৈরি হচ্ছে শত শত কেজি গুড়। এসব গুড় ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে। অন্যদিকে প্রকৃত খেজুরের গুড় তৈরি করা গাছিরা উৎপাদন খরচ ও ভেজাল গুড়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন।
সম্প্রতি বাঘা উপজেলার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যতটুকু গুড় তৈরি করি, অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে তা কিনে নিয়ে যান। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না।
জেলার তিন উপজেলায় দেড় শতাধিক খেজুরের গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এসব কারখানায় খেজুরের রসের বদলে বিভিন্ন উপাদান মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে। প্রতিটি কারখানায় এক রাতেই উৎপাদন হচ্ছে ২০০ থেকে ৩০০ কেজি গুড়।
চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকায় দেখা গেছে, অনেক জায়গায় বাড়ির আঙিনায় প্রকাশ্যেই চলছে গুড় তৈরির কাজ। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির রস, কাপড়ের রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। নির্দিষ্ট প্রক্রিয়ায় ঠাণ্ডা করার পর তৈরি গুড় বাজারজাত করা হয় ‘খেজুর গুড়’ নামে। অথচ এতে খেজুরের রসই থাকে না।
স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুমের শুরুতেই এক শ্রেণির মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া করে এসব কারখানা চালু করেন। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এলাকায় এ ধরনের কারখানার বিস্তার ঘটেছে। একইভাবে পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকাতেও তৈরি হচ্ছে রাসায়নিক মিশ্রিত গুড়।
প্রকৃত খেজুরের গুড় তৈরির সঙ্গে যুক্ত কয়েকজন কারিগর জানান, নানা কারণে আগের মতো খেজুরগাছে রস পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় উৎপাদনও কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে খেজুরের গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে।
চারঘাটের রাওথা গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার মেশানোর কারণে আসল গুড়ের চেয়ে ঘ্রাণ বেশি হয়। অথচ আসল গুড় তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক মিশ্রিত গুড় তৈরি করাচ্ছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, জেলায় খেজুরগাছের সংখ্যা ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। এই তিন উপজেলাতেই রয়েছে জেলার মোট খেজুরগাছের প্রায় তিন-চতুর্থাংশ।
তবে প্রতিবছর জেলায় খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত বাড়ছে অস্বাভাবিক হারে। পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন সেখানে বিক্রির জন্য আনা হয় ১০০ থেকে ১১০ টন গুড়। সপ্তাহে দুই দিন বড় হাট বসে। ওই দুই দিন গুড়ের সরবরাহ বেড়ে দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে। এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়।
ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি। গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা ও ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষে পরদিনই আবার চালু হয় এসব কারখানা।
খেজুরের গুড়ের সঙ্গে অনুমোদনহীন কোনো উপাদান মেশানো ঠিক নয় বলে মনে করেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা। তিনি বলেন, রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
চারঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় খেজুরের গুড়ে ভেজাল মেশানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, রাজশাহী অঞ্চলের গাছিরা ইতিমধ্যে গাছের পরিচর্যা শুরু করেছেন। শীত ঘনিয়ে আসলে রস আরও মিষিট হবে। এখনকার রস মিষ্টি না। এরপর গুড় উৎপাদন শুরু হবে। সাধারণত ডিসেম্বরের শুরু থেকে বাজারে খেজুরের গুড় পাওয়া যাবে। খেজুরের রস ও গুড়ের উৎপাদন এবং বিপণন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।