চারঘাটে ৩০ পরিবারকে ঢেউটিন ও চেক দিলেন এমপি চাঁদ
রাজশাহীর চারঘাট উপজেলায় ৩০টি অসহায় পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফ। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে এক বান্ডিল করে ঢেউটিনের পাশাপাশি ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার জন্য বরাদ্দের পরিমাণ তুলনামূলক কম। সংসদ সদস্যের উদ্যোগে এ প্রণোদনার বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। পিআইও কার্যালয়ের মাধ্যমে সঠিকভাবে যাচাই-বাছাই শেষে ৩০ জনকে এ সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে আরও বরাদ্দ আনার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কার্যক্রম গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে। এ জন্য সবাইকে সরকারকে সময় দিতে হবে। প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংসদ সদস্যের এপিএস জালাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।