মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পাবনায় সার মজুত ও অনিয়মে দুই ডিলারকে ৪৮ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ১১:১০ অপরাহ্ন
পাবনায় সার মজুত ও অনিয়মে দুই ডিলারকে ৪৮ হাজার টাকা জরিমানা

পাবনায় কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত এবং বিতরণের রেজিস্টার সংরক্ষণে অনিয়মের অভিযোগে দুই ডিলারকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি গুদাম থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা ও সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা এ তথ্য নিশ্চিত করেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার শহরের একটি গুদামে মজুত রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে গনি বিহারী মিলের সামনে ওই গুদামে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।


অন্যদিকে, পুষ্পপাড়া বাজারে সার বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে হিরোক ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


স্থানীয় কৃষকদের অভিযোগ, আরকে ট্রেডার্সের মালিকের ব্যবস্থাপক কামরুল ইসলাম বরাদ্দের একটি বড় অংশের সার কৃষকদের মধ্যে বিতরণ না করে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করেন। তাঁদের দাবি, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার বিক্রি করা হচ্ছে। এমনকি বরাদ্দের টিএসপি সার কৃষকদের না দেওয়ার অভিযোগও রয়েছে।


পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরে অবৈধভাবে মজুত করা সার বিক্রির চেষ্টার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।