মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন যারা

সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন যারা
ডিসেম্বরজুড়েই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আমেজ

বছরের শেষ মাস ডিসেম্বরজুড়েই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির আমেজ। শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছেন টানা কয়েক দিনের ছুটি। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রকাশিত ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ১৮ দিন ছুটি পাচ্ছে কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন এবং মাদ্রাসায় ১৫ দিন ছুটি থাকবে।


শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি যুক্ত হওয়ায় সব মিলিয়ে টানা ১২ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।


মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই সময়ে শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবে।


সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরা এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে। প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে কলেজ বন্ধ থাকবে।


এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। পাশাপাশি ৩১ ডিসেম্বরের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে সব মিলিয়ে টানা ১৮ দিন ছুটি থাকবে।


সরকারি ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানে টানা ১৫ দিন বন্ধ থাকবে।


এদিকে ডিসেম্বরের এই ছুটির মধ্য দিয়েই ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি প্রয়োগ করা হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা আপাভ দুই দিন অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পেতে পারেন।


তথ্যসূত্র: রাইজিংবিডি